হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

১৮ অক্টোবর, ২০২২ ২২:৫৫  
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার শঙ্কায় এক হাজারের মতো কর্মী ছাঁটাই করছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ডেস্কটপ কম্পিউটারের জন্য উইন্ডোজের লাইসেন্স বিক্রি কমে আসায় আয় বৃদ্ধির হার কমছে প্রতিষ্ঠানটির। তাই পরিস্থিতি সামাল দিতে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। খবর এনগ্যাজেট। মাইক্রোসফটের একজন মুখপাত্র জানিয়েছেন, তিন মাস আগেই কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এতে কোম্পানির প্রায় এক শতাংশ কর্মীর ওপর প্রভাব পড়েছে। ওই মুখপাত্র আরও বলেন, অন্যান্য কোম্পানির মতো আমরাও আমাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করে থাকি এবং সে অনুযায়ী ব্যবস্থাপনা ও কাঠামো সমন্বয় করি। আর্থিক মন্দার শঙ্কায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর উপায় খুঁজছে। ইতোমধ্যেই কর্মী ছাঁটাই করেছে কয়েনবেইজ এবং নেটফ্লিক্সসহ বেশ কিছু প্রতিষ্ঠান। এছাড়া নতুন কর্মী নিয়োগের গতি কমিয়েছে মেটা প্ল্যাটফর্মস, সেলসফোর্সের মতো সিলিকন ভ্যালিভিত্তিক কোম্পানিগুলো। ডিবিটেক/বিএমটি